প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫
জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী বলেছেন, “ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই—মাঝে আমি কোনো তফাত করতে পারি না।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের বর্তমান প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। শাহেদ আলীর মতে, একজন অভিনয়শিল্পীর মূল কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে অর্থ উপার্জন করা নয়।
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে সমকাল–এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, সম্প্রতি তিনি আরও একটি নতুন সিনেমায় অভিনয় শেষ করেছেন। মঞ্চনাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।
সেই সাক্ষাৎকারে শাহেদ আলী বলেন, “নতুন একটি সিনেমায় অভিনয় করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা আসবে। কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, সামনে সেগুলোর প্রচার ও প্রচারণায় মনোযোগী হব।”
অভিনয়নিষ্ঠ এই শিল্পীর মতে, শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই টিকে থাকবে, যখন তারা টাকার মোহে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন।