ময়মনসিংহে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, দাদিকে কুপিয়ে হত্যা — অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী আবুল রবিদাস (৪০)। সোমবার রাতে এ নৃশংস ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে অভিযুক্ত আবুল শিশুটিকে অপহরণ করে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে দাদি ঘটনাস্থলে গিয়ে নাতনিকে উদ্ধার করতে গেলে আবুল ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

ঘটনার পরপরই আবুল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা যৌথ অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ভালুকা উপজেলার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নিহত নারীর ছেলে মামলা দায়ের করেছেন। বুধবার আবুলকে আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মরদেহ ধর্ষণের অভিযোগে হাসপাতালের ডোম গ্রেপ্তার

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক নারীর মরদেহ ধর্ষণের অভিযোগে হাসপাতালের ডোম আবু সাঈদ (১৯)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের এই যুবককে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনার তদন্তে আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুটি ভয়াবহ ঘটনাই ময়মনসিংহ জেলায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

  • শেয়ার করুন