রংপুর চিড়িয়াখানায় বিনোদন ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

রংপুরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে বিনোদন ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, লালমনিরহাট থেকে বাবা-মায়ের সঙ্গে রংপুর চিড়িয়াখানায় বেড়াতে এসেছিল শিশুটি। পরিবারের অজান্তে ট্রেনের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। এক মুহূর্তেই আনন্দঘন পরিবেশ পরিণত হয় শোকের মাতমে।

হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, “আমার ছেলে খেলছিল। আমি এক মুহূর্তের জন্য পেছনে তাকালাম। হঠাৎ দেখি সে ট্রেনের নিচে পড়ে গেছে। কিছুই করতে পারিনি।”

তবে শিশুটির নাম জানাতে অস্বীকৃতি জানান তার পরিবার। মরদেহ নিয়ে তারা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন এবং ডেড সার্টিফিকেটও সংগ্রহ করেননি।

ঘটনার পর চিড়িয়াখানার ভেতরে ট্রেন চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। তাদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা ও সিগন্যাল না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় দর্শনার্থী আব্দুল হামিদ বলেন, “চিড়িয়াখানার ভেতরে ট্রেন চলে, কিন্তু কোথাও স্পষ্ট সতর্কতা বোর্ড নেই। কর্মীর উপস্থিতিও সীমিত।”

রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।”

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. ওমর আলী বলেন, “এমন ঘটনা হৃদয়বিদারক। আমি দুর্ঘটনার সময় উপস্থিত ছিলাম না। ঘটনাস্থলের রাইডগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছিল। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

দুর্ঘটনার পর থেকে চিড়িয়াখানার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

  • শেয়ার করুন