১২ দিন পর ছাইয়ের নিচে মিলল মার্জিয়ার দেহ—বাবা চিনলেন বোরকা দেখে

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া একটি গার্মেন্টসের ধ্বংসস্তূপ থেকে ১২ দিন পর ১৮ বছর বয়সী মার্জিয়া সুলতানার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে পোশাক কারখানার তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরনের বোরকা দেখে মরদেহ শনাক্ত করেন মার্জিয়া সুলতানার বাবা সুলতান মিয়া। উদ্ধারকালে স্বজনরা পুলিশের সহযোগিতা নেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, “রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনার স্থলে থাকা পোশাক কারখানার ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭।”

মার্জিয়া সুলতানার বাবা সুলতান মিয়া জানান, “আমাদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামে। মর্জিয়া স্বামী জয়ের সঙ্গে একই কারখানায় কাজ করত। ঘটনার পর জয়ের লাশ উদ্ধার হলেও মর্জিয়া নিখোঁজ ছিল। আমরা বিশ্বাস করছিলাম, তার লাশ ওই ভবনেই রয়েছে। বারবার সেখানে খোঁজার চেষ্টা করলেও সুযোগ ছিল না। রোববার থানায় গিয়ে পুলিশ নিয়ে তৃতীয় তলায় খোঁজ করতে গিয়ে মেশিনের নিচে চাপা পড়া মরদেহটি উদ্ধার করি। বোরকা দেখে সনাক্ত করা সম্ভব হয়েছে।”

পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতদের মধ্যে আরও কেউ থাকলে উদ্ধারকাজ অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন