মসজিদে দান করা এক লিটার দুধ বিক্রি হল ১৩ হাজার টাকায়!

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

  • শেয়ার করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক লিটার দুধ বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৩ হাজার টাকায়। শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের আগে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রক্ষপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের উন্নয়ন তহবিল গঠনের উদ্দেশ্যে প্রতি শুক্রবার এক লিটার দুধ দান করে থাকেন এক স্থানীয় কৃষক। জুমার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি ওই দুধটি নিলামে তোলে। প্রথমে এক মুসল্লি ২০০ টাকা দাম হাঁকান, পরে ক্রেতাদের প্রতিযোগিতায় দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া ১২ হাজার টাকা পর্যন্ত ঘোষণা দিলে, স্থানীয় যুবক মনিরুজ্জামান দুর্জয় তা ছাড়িয়ে ১৩ হাজার টাকায় দুধটি কিনে নেন।

মনিরুজ্জামান দুর্জয় বলেন, “আল্লাহর ঘর অর্থাৎ মসজিদের কাজে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারাটা আমার জন্য তৃপ্তির। এ ধরনের ভালো কাজে প্রতিযোগিতা করতে পেরে মনটা ভরে গেছে।”

ব্রক্ষপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জসিম বলেন, “ভালো কাজে প্রতিযোগিতা করা ইসলামের অংশ। মসজিদের উন্নয়নে যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।”

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, নিলাম থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

  • শেয়ার করুন