প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫
এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসের বেশি সময় আগে। তবে ট্রফি ইস্যুতে এখনো মহাদেশীয় টুর্নামেন্টটির রেশ কাটেনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এখনো ট্রফি বুঝে পায়নি সূর্যকুমার যাদবের দল।
বিষয়টি নিয়ে কিছুদিন ধরে অনেক নাটক হয়েছে। এবার এশিয়া কাপ ট্রফি ইস্যুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া। দুই দিনের মধ্যে ট্রফি না পেলে আইসিসির বোর্ড সভায় ঝড় তোলার বার্তা দিয়ে রাখলেন তিনি।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, ‘এক মাস পেরিয়ে যাওয়ার পরও ট্রফিটি না দেওয়ায় আমরা কিছুটা অখুশি। ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। আমরা আশা করছি, এক বা দুই দিনের মধ্যে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে ট্রফিটি পৌঁছে যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই নেই। আশা করি (নাকভির) শুভবুদ্ধির উদয় হবে। আমি ভারতের জনগণকে নিশ্চিত করছি যে ট্রফি ভারতে ফিরবেই, শুধু সময়টা চূড়ান্ত হয়নি।’
এসিসি সভাপতি নাকভি অবশ্য জানিয়েছেন, তিনি নভেম্বরে দুবাইয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় খেলোয়াড়দের হাতে ব্যক্তিগতভাবে ট্রফিটি তুলে দিতে চান।