আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার, আহত ১৫

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারীদের মধ্যে পূর্ববর্তী বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবারের ঘটনাটি বুধবার (১২ নভেম্বর) রাতের বাগবিতণ্ডা ও হাতাহাতির জের ধরে ঘটে। রাতে কাকাইলমোড়া এলাকায় আওয়ামী লীগ নেতা শাহ আলমের অনুসারী এবং বিএনপি নেতা জাকারিয়া মিয়ার অনুসারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভোরে উভয়পক্ষ দা, বটি, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার তিনটি বিস্ফোরিত হয়। পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে। এসময় দুই পক্ষই একে অপরের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

আহতদের স্বজনরা জানান, সংঘর্ষে আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪)সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া ও হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বাকি আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সময় সংবাদকে জানান, “এক দেড় মাস আগে স্থানীয় দুই পক্ষের মধ্যে এক মারামারি মামলাকে ঘিরে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে কয়েকবার সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবারের সংঘর্ষও সেই পূর্ব বিরোধেরই ধারাবাহিকতা।” তিনি আরও বলেন, “এটি কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট নয়।”

  • শেয়ার করুন