মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, দগ্ধ চালক হাসপাতালে

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পার্কিং থাকা দ্য হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ–এর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. তাজেস খান (৪৫) গুরুতর দগ্ধ হন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের ওভারব্রিজের নিচে বাসটি পার্কিং করে ঘুমাচ্ছিলেন তাজেস খান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা চালক মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিসংযোগের খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বরংগাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের বড় অংশ পুড়ে যায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের পরও ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • শেয়ার করুন