রাজধানীতে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত ৩

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫

  • শেয়ার করুন

রাজধানীর বংশালে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ভেঙে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বংশালের কসাইতলীতে একটি পাঁচ তলা ভবনের রেলিং নিচে ভেঙে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর রাজধানীর একাধিক এলাকায় ভবন হেলে পড়া, দেয়ালে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

৭ তলায় বসবাসকারী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, “ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে শব্দ হচ্ছিল, বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়।”
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সুশান্ত দাস জানান, “হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি জোরে ঝাঁকি দিচ্ছে। মনে হচ্ছিল এখনই তার ছিঁড়ে পড়বে। সবাই নিচে নেমে আসে।”

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনা—এসব জেলার সময় সংবাদ প্রতিনিধিরাও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন।

পার্শ্ববর্তী দেশ ভারতেও, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া পাকিস্তানেও ভূমিকম্পের কম্পন পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাটি ঘিরে রাজধানীতে সতর্কতা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।

  • শেয়ার করুন