প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার–বিশনন্দী সড়কে গভীর রাতে যাত্রীবাহী গাড়িকে সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করিয়ে থামানোর চেষ্টা করে একদল ডাকাত। গাড়ি থামার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা নামতেই পালিয়ে যায় ডাকাত দল। পরে ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়।
রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির চেষ্টা দেখে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। টহল গাড়িটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে থাকা একদল ডাকাত সামনে এসে ওই অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে গতি রোধ করার চেষ্টা করে। তবে পুলিশ সদস্যরা পরিস্থিতি বুঝে দ্রুত নেমে ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল গতি রোধ করতে আসে। কিন্তু পুলিশ উপস্থিতি টের পেয়েই তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।”