ভালুকায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে দায়েরকৃত পৃথক দুটি মামলায় পিতা–পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্য রয়েছেন। তারা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম (২০) এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোখছেদুল আহম্মেদ সানি (২০)। এছাড়া অপর গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. জুবায়ের হোসেন সিয়ামের পিতা, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বার (৫৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এসএনএস সিএনজি স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম ও সাবেক সহ-সভাপতি মোখছেদুল আহম্মেদ সানিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে ভালুকা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা (মামলা নং–২১) দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

অপরদিকে, ২০১৮ সালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি হিসেবে মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত মামলাটি গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভালুকা মডেল থানায় দায়ের করা হয় (মামলা নং–১১)। শনিবার গভীর রাতে মেদুয়ারী ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ মালেক জানান, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

  • শেয়ার করুন