শীতের রাতে লেপ–কম্বল ছেড়ে শাহবাগে, হাদির বিচারের দাবিতে এক নারীর নীরব কান্না

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

শীতের রাত। তাপমাত্রা মাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াস। এমন সময়ে মানুষ যেখানে ঘরের ভেতর লেপ–কম্বলের উষ্ণতায় আরাম খোঁজে, সেখানে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন এক নারী। কালো পোশাকে আবৃত শরীর, মাথায় ওড়না। চোখ বন্ধ, গড়িয়ে পড়ছে অশ্রু। মুখে কোনো স্লোগান নেই, নেই উচ্চস্বরে প্রতিবাদ কিন্তু তাঁর নীরব কান্নাই যেন হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী।তিনি এসেছেন শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে অংশ নিতে। ঘরের আরাম, পরিবারের উদ্বেগ, শীতের কাঁপুনি সবকিছুকে পেছনে ফেলে তিনি এসেছেন শুধু একটি দাবিতে: ন্যায়বিচার।

চারপাশে শিক্ষার্থী, তরুণ, নারী-পুরুষ সবাই স্লোগানে মুখর। “হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ” এই ধ্বনির মাঝে দাঁড়িয়ে থাকা এই নারী যেন প্রতিবাদের এক মানবিক প্রতীক। তাঁর চোখের জল বলে দেয়, এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; এটি একটি মানুষের প্রাণহানির বিচার চাওয়ার আর্তি।রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে মানুষের ঢল নামে। আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করা হলেও এই নারীর কাঁধে যেন সবচেয়ে ভারী কম্বল বেদনা আর ক্ষোভ। কেউ হয়তো তাঁকে চেনে না, জানে না তাঁর নাম-পরিচয়। কিন্তু তাঁর উপস্থিতিই প্রমাণ করে, হাদির মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়; এটি সমাজের বিবেককে নাড়া দিয়েছে।এক আন্দোলনকারী বলেন, “আমরা রাজনীতি বুঝি না। আমরা শুধু বিচার চাই।” এই নারীর চোখের জল যেন সেই কথারই প্রতিধ্বনি।

শরিফ ওসমান হাদির রক্ত যেন এই শীতের রাতেও শাহবাগের রাজপথকে উষ্ণ করে রেখেছে। আর সেই উষ্ণতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন এমন মানুষরা যারা কোনো পরিচয়ের জন্য নয়, কোনো লাভের জন্য নয়, শুধু ন্যায়ের দাবিতে ঘর ছেড়ে পথে নেমেছেন।

  • শেয়ার করুন