অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

চাঁদাবাজি, বেআইনি কর্মকাণ্ড, মবসহ বিশৃঙ্খল বিভিন্ন তৎপরতায় জড়িতদের আইনের আওতায় আনতে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আইন মেনে অভিযুক্তদের গ্রেপ্তার করবেন। গতকাল রোববার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলা হয়। ৬৪ জেলার পুলিশ সুপার এতে যুক্ত ছিলেন। এ সময় অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় পুলিশ মব সন্ত্রাস ও বাধার মুখে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাই নতুন সরকার গঠনের পর মাঠ প্রশাসনের আইন প্রয়োগের বিষয়টি সামনে আসে।

বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি রেঞ্জের ডিআইজি বলেছেন, অন্তর্বর্তী সরকার লটারির মাধ্যমে থানায় ওসি পদায়ন করেছে। এতে ‘এ’ ক্যাটেগরির অনেক থানায় ‘সি’ ক্যাটেগরির ওসি পদায়ন পেয়েছেন। অপেক্ষাকৃত দুর্বল এসব ওসির মাধ্যমে মাঠ প্রশাসন সামলানো কঠিন। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পদায়নের ব্যাপারে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে। এরপর থেকে যোগ্যতা, কাজের দক্ষতা মূল্যায়ন করে লটারি ছাড়া ওসিদের পদায়ন করার কথা বলেন ওই ডিআইজি। পুলিশ মহাপরিদর্শক বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, বরিশাল বিভাগের দুটি জেলার এসপি বলেছেন, নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য সশস্ত্র গানম্যান চেয়েছেন। এরপর বৈঠকে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সংসদ সদস্যদের সশস্ত্র গানম্যান দেওয়ার নিয়ম নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রীরা গানম্যান পেয়ে থাকেন। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে বৈঠকে আরেক শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের যে কোনো নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় গানম্যান দেওয়া যায়। সে ক্ষেত্রে তাঁর ঝুঁকির বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সভায় আইজিপি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় আরেক ডিআইজি মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

বৈঠকে এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বেশ কিছু এলাকায় তারা কার্যালয় খুলছে। এ ছাড়া নানা ধরনের স্লোগান দিচ্ছে। যারা এ ধরনের কার্যক্রমে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন পেয়ে মুক্তি পেয়ে যাচ্ছেন।

বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের একটি জেলার এসপি বলেন, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি থানা রয়েছে। দু-তিনটি যানবাহন দিয়ে পুলিশের পক্ষে এত বড় থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো কঠিন। পুলিশ মাথা উঁচু করে দায়িত্ব পালন করতে চায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। তবে যানবাহন সংকটের কারণে দ্রুত অনেক জায়গায় মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

সভায় আইজিপি চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া আওয়ামী লীগের যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করতে বলেন।

পুলিশ সদরদপ্তর ছাড়াও সব পুলিশ ইউনিটপ্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার অনলাইন সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে তাদের মতামত দেন।

সভায় আইজিপি চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া আওয়ামী লীগের যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করতে বলেন।

পুলিশ সদরদপ্তর ছাড়াও সব পুলিশ ইউনিটপ্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার অনলাইন সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে তাদের মতামত দেন।
ns coll

  • শেয়ার করুন