প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জামসহ একটি বাক্স উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লা সংলগ্ন নদী থেকে এ বাক্সটি উদ্ধার করা হয়।।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালপুরিয়া মহলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭) বাড়ির পাশে নগর নদীতে মাছ ধরতে যায়। নদীর পানি কমে যাওয়ায় তারা সচ্ছলে চলাফেরা করছিল। এ সময় একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা দেখে কৌতূহলবশত সেটি তুলে বাড়িতে নিয়ে আসে তারা। বাড়িতে এসে বস্তাটি খোলার পর ভেতরে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, একটি প্লাস্টিকের ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়। উদ্ধারকৃত প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ‘CBC 32 AUTO’ লেখা ছিল।
শিশুদের মা মরিয়ম বেগম জানান, ছেলেরা মাছ ধরার কথা বলে নদীতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা একটি মাঝারি আকারের প্লাস্টিকের বস্তা নিয়ে ফিরে আসে। বস্তাটি খোলার পর ভেতরে গুলি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে সিংড়া থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে সরঞ্জামগুলো জব্দ করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর.এম. আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে প্লাস্টিকের বস্তায় থাকা ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব জিনিস নদীর মধ্যে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ns coll