ইয়াবা-গাঁজাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক দুই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. জায়েদ জোহা খান (১৮) এবং কেওতা এলাকার মো. কবির মোল্লার ছেলে মো. ইমন হাসান (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, আটক জায়েদ জোহা খান দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের টহল টিম, অভিযান চালিয়ে জোহা ও ইমনকে আটক করে তবে সমির গাজি (৫৫) নামে আরেকজন পালিয়ে যান। এ সময় জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা।

এছাড়া মাদক বিক্রির ৮৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ৫০০ টাকা ও একটি রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, পলাতক সমির গাজির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা পাইকারি মূল্যে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন তারা।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটক কৃতদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ns coll

  • শেয়ার করুন