খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬

  • শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে দূতাবাস ভবনের আশপাশে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের জেরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। সুলতানাবাদ থেকে মাই কোলাচি পর্যন্ত উভয়মুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়।

জিন্নাহ ব্রিজ থেকে আসা যানবাহন আই আই চুন্দ্রিগড় রোডে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

করাচি ট্রাফিক পুলিশ জানিয়েছে, পিআইডিসি থেকে আসা যানবাহন পার্ক কাট হয়ে বিকল্প পথে চালিত করা হচ্ছে। বিক্ষোভ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • শেয়ার করুন