যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক অগ্নিকাণ্ড

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ঘটা এই বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল ছিল, শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ।

ফরাসি সংবাদসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।বিস্ফোরণটি ঘটেছে মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপণনকারী প্রতিষ্ঠান ‘ভালেরো’র মালিকানাধীন শোধনাগারে। ঘটনার কিছু সময় পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এর সংলগ্ন এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

এদিকে, ভালেরো কোম্পানি কর্তৃপক্ষ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারের সকল কর্মীর সন্ধান পাওয়া গেছে এবং বর্তমানে কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শোধনাগারটিতে দীর্ঘ অগ্নিশিখা জ্বলছে এবং তার জেরে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে।

উল্লেখ্য, টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে অবস্থিত এই পোর্ট আর্থার শহর। ভালেরো’র ওয়েবসাইট অনুযায়ী, এই শোধনাগারটিতে ৮০০ জন কর্মী কাজ করেন এবং এখানে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এছাড়া এই কেন্দ্র থেকে বিপুল পরিমাণ গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েল উৎপাদিত হয়।বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ns coll

  • শেয়ার করুন