কেপ ভার্দের গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে নিতে তৎপর মার্কিন পররাষ্ট্র দপ্তর

প্রকাশিত: জুন ১৭, ২০২৬

  • শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ১-১ গোলের ড্র-টি ছিল টুর্নামেন্টের অন্যতম বড় চমক। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া বনে গেছেন নায়ক।

কিন্তু মাঠের বীরত্ব ছাপিয়ে আলোচনায় এখন তার মায়ের যুক্তরাষ্ট্রে যেতে না পারার আক্ষেপ। বিষয়টি জানাজানি হওয়ার পর গোলরক্ষকের পরিবারের পাশে দাঁড়িয়েছে মার্কিন সরকার।

ম্যাচ শেষে সাংবাদিকদের কাছে আবেগপ্রবণ হয়ে ভোজিনিয়া জানিয়েছিলেন, ভিসা জটিলতা এবং মোটা অঙ্কের জামানতের (সিকিউরিটি ডিপোজিট) অর্থের কারণে তার মা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেননি। তার এই আক্ষেপের পরেই নড়েচড়ে বসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি জানিয়েছেন, তারা সরাসরি গোলরক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। ভিসা আবেদন প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

মূলত কেপ ভার্দেসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দেওয়ার একটি নিয়ম রয়েছে। ট্রাম্প প্রশাসনের আমলে অবৈধ অভিবাসন রোধে এই নীতি কার্যকর করা হয়েছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই জামানতের নিয়মটি প্রযোজ্য নয়।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, ভোজিনিয়ার মায়ের ভিসার আবেদনের কোনো রেকর্ড তাদের কাছে নেই। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিসা জটিলতার চেয়েও বড় বাধা হতে পারে গোলরক্ষকের মায়ের পাসপোর্ট। জানা গেছে, তার কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই এবং নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে।

বিশ্বকাপের মঞ্চে নিজের স্বপ্নের পারফরম্যান্সের সময় মা-কে পাশে পাওয়ার যে আকুতি ভোজিনিয়া জানিয়েছিলেন, এখন মার্কিন প্রশাসনের এই সহযোগিতার হাত সেই স্বপ্ন পূরণের নতুন আশা দেখাচ্ছে।
ns coll

  • শেয়ার করুন