প্রকাশিত: জুলাই ৫, ২০২৬
খুলনার দিঘলিয়া উপজেলায় সমির ভট্ট (৪০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের ইকরাম ওরফে ইক্লু মিয়ার বাগানের সামনে ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সমির ভট্ট কেটলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তার পিতা রবিন ভট্ট।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সমিরকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তার ভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকাবাসী আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে একই ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় সমিরের ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়। এতে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে।
ns coll