প্রকাশিত: মে ১৩, ২০২৬
খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা কমিটি ঘোষণার ১৫ ঘন্টা না পেরোতেই জেলা আহবায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
একইসাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক পত্রে এই দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে, বুধবার বিকেলে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নবগঠিত জেলা ছাত্রদলের সদস্যরা পুরো কমিটি বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অনিক রহমান।
লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তারা দাবি করেন, আহ্বায়ক করা হওয়া ফিরোজ আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অতীতে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও সহিংসতার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
এছাড়া সদস্য সচিব খান ইসমাইলের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এই বিতর্কিত খুলনা জেলা ছাত্রদলের কমিটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তারা আগামীকাল দুপুর ১২টার মধ্যে কমিটি বাতিল করে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় গণপদত্যাগ ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান, আবু সাঈদ, আলিদ ওয়ালিদ, অনিক আহমেদ, ফয়সাল চৌধুরী ও হৃদয় আহমেদসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
ns coll