প্রকাশিত: মে ২৯, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।
আয়োজকদের অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
তাদের দাবি, এই বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। ঢাবিকে হেয় প্রতিপন্ন বা মাটিতে মেশাতে পারলেই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথাকথিত ‘হাইব্রিড বিজনেস’ বা লাগামহীন বাণিজ্যকে আর কেউ নিয়মের মধ্যে আটকাতে পারবে না।
একই সাথে আন্দোলনকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমানের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের এক একটি অস্থায়ী কমিশনে পরিণত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে শিক্ষার পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের অংশ হিসেবেই এই মিথ্যাচার করা হয়েছে।
আজ সন্ধ্যার এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার্থে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের দলে দলে যোগ দিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
ns coll