প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল সোমবার রাতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হত্যা মামলাটি তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, হাসনাত হাবীব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পান। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।
নগরীর হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘আজমুলকে মারধরের সময় রিফাত উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে পেটানো হয়।
একপর্যায়ে আজমুল চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন, নাকি মেরে ফেলে দেওয়া হয়েছে তা তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ২৫ জনের বিরুদ্ধে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন।
Ns coll