এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬

  • শেয়ার করুন

এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

পাশাপাশি আগামী বছর (২০২৭ সাল) থেকে ফেল করা শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এসএসসিতে যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদের তালিকা তৈরি করতে। আমরা চাই, তোমাদের প্রত্যেকের জন্য একটি ভালো ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ তৈরি করে দিতে। যে যেখানে প্রশিক্ষণ নিতে পারবে, সেই ব্যবস্থা করা হবে।’তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব মহোদয়ের সঙ্গে আলোচনা করছি। তোমাদের জন্য একটি পথ তৈরি করব। অর্থাৎ, কাউকে হয়তো কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে যুক্ত করে দেব, কাউকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত করব। কারও হয়তো খুব ভালো ব্যবসায়িক ধারণা আছে, তাকে আমরা ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করে দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিদেশে অনেক জায়গায় জনশক্তি রপ্তানির ভালো সুযোগ রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, আমরা তৃতীয় ভাষা শেখার ওপর খুব বেশি গুরুত্ব দিচ্ছি। জাপানি, কোরীয় কিংবা চীনা ভাষা অথবা ইউরোপের কোনো একটি দেশের ভাষা—এসব ভাষায় তিন থেকে ছয় মাস মেয়াদি কোর্স করতে পারলে বিদেশে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যায়।’

মাহদী আমিন বলেন, ‘একজন শিক্ষার্থী এসএসসির পর এইচএসসি করছে, তারপর অনার্স করছে; তারপরও তার কর্মসংস্থানের নিশ্চয়তা নেই। কিন্তু তোমাদের যদি আমরা ভাষা শেখার ব্যবস্থা করে দিতে পারি এবং তিন বা ছয় মাস মেয়াদি বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে তোমাদের অনেকেই সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারবে।’

তিনি বলেন, ‘আবার অনেকে আছে, যারা হয়তো কোনো একটি কারণে পড়াশোনায় ভালো ফল করতে পারেনি। তারা সামনের দিনগুলোতে আবার পরীক্ষা দেবে। ইতোমধ্যে আমরা অনেক শিক্ষক ও অভিভাবকের কাছ থেকে শুনেছি, এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করা যায় কি না—বিশেষ করে যে বিষয়ে কেউ অকৃতকার্য হয়েছে, সেই বিষয়ে।

আমরা কথা দিচ্ছি, বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। আমি আশাবাদী, ইনশাআল্লাহ, সামনে আমরা এ বিষয়ে পরিবর্তন আনতে পারব।
ns coll

  • শেয়ার করুন