প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি মার্কেট ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
তবে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ও সরু গলির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ভেতরে প্রচুর মালামাল থাকায় সেখানে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে ফায়ার ফাইটাররা ভবনের ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করতে পারছেন না। আগুন ভবনের অন্য তলাতেও ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
তবে স্থানীয়রা জানান, সাততলা ভবনের আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ছে। মার্কেটের ভেতর থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে সরু গলির কারণে মার্কেটের ভেতরে যেতে পারছেন না ফায়ার ফাইটাররা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণ বেশি। পাশাপাশি সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকাল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেট ভবনে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ns coll