ওমরাহ করানোর প্রলোভনে ভোট চাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে অর্থ ব্যয় বা কোনো ধরনের প্রলোভন দেখাতে পারেন না। অথচ ওমরাহ করানোর মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে। এমপি নির্বাচিত হলে ভোটারদের ওমরাহ করাতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ ঘিরে মুরাদনগরে সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুরাদনগরের একটি নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এক ভোটারকে উদ্দেশ করে বলেন, “আমি যদি এমপি নির্বাচিত হই, আপনাকে নিয়ে ওমরাহ করতে যাব।” ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন নাগরিকদের একটি অংশ বলছেন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া ভোটারদের সঙ্গে মশকারা ও প্রতারণার শামিল। তারা মনে করছেন, এটি সরাসরি নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী এবং ভোটের পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা।

এ বিষয়ে নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বলেন, “কাউকে ওমরাহতে নিয়ে যাওয়া নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু তা যদি কোনো শর্ত বা রাজনৈতিক স্বার্থের বিনিময়ে হয়, তাহলে সেটি প্রতারণা। আগে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো, এখন ওমরাহতে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে—এগুলো জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।”
এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের এমন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

  • শেয়ার করুন