প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুইটি আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো প্রার্থী দেবে না। ইতোমধ্যে ঘোষিত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিবৃতিতে বলা হয়, উক্ত দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন থাকবে মাওলানা মামুনুল হকের প্রতি। ইসলামী রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ রাজনীতির চিন্তা করছে না। তবে যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব প্রার্থী থাকবে না, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত ইসলামী রাজনীতিতে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও ঐক্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।