প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ওই নেতার নাম মো. মমিন মিয়া। তিনি উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের মৃত শাহাদাত মিয়ার ছেলে। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।দলীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দলীয় নেতার এ আকস্মিক মৃত্যুতে এলাকা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওই আসনের বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীন বলেন, প্রচারণার প্রথম দিনেই দলের একজন নেতার এমন মৃত্যু আমাদের মর্মাহত করেছে। দল এই পরিবারের পাশে থাকবে।