নারী কর্মীদের ওপর হামলার পরিণতি ভোগ করতে হবে

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

যারা জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করেছে তাদের তওবা করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, ‘বলে দিচ্ছি, আমাদের চেয়ে মায়েদের জীবনের মূল্য বেশি। মাকে সম্মান করো, অন্যথায় ভবিষ্যৎ পরিণতির জন্য প্রস্তুত হও।’

৫ আগস্টের পর পর কোন দলের কী ভূমিকা ছিল, তা বিবেচনা করে ভোট দেওয়ার অনুরোধ করেন জামায়াত আমির। তিনি তরুণীদের উদ্দেশ্যে বলেন, বেকার ভাতা দেব না। যথার্থ শিক্ষা দেব। ভাষাগত দক্ষতা অর্জনের ব্যবস্থা করব। বেকার ভাতা মানে অপমান। তোমাদের কাজ দেব।
গতকাল বুধবার রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল মাঠে ঢাকা-১৫ আসনের নারী সমাবেশে এসব কথা বলেছেন জামায়াত আমির। এর আগে তিনি দিনভর নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচার চালান। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।নির্বাচিত হতে পারলে নারীদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। তিনি বলেন, মায়েদের কাজ শুধু ছোট বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। বাইরেও দায়িত্ব পালন করতে হবে। নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে জামায়াত।

শফিকুর রহমান বলেন, প্রত্যেক পুরুষদের বলি, তারা যেন স্ত্রীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করেন।
নারী সাহাবিদের ত্যাগ, কর্মক্ষেত্রে সক্রিয়তার উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেন, ঘরের বাইরে কাজ করা, চাকরি করা ইসলামসম্মত। ইসলাম যে অধিকার দিয়েছে, তা অন্য কেউ কেড়ে নিতে পারে না।
এর আগে গণসংযোগে শফিকুর রহমান বলেন, চুরি, দুর্নীতি বন্ধ করতে পারলে পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আর যদি অপশাসনের কবলে দেশ পড়ে, তাহলে ৫০ বছরেও জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। জামায়াত ক্ষমতায় এলে কেউ অপরাধ করে বাঁচতে পারবে না।

দাঁড়িপাল্লায় এবং হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশ যেন কোনো গোষ্ঠীর রাজ্যে পরিণত না হয়। জাতি পরিবর্তন চায়। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। গুম ও খুন না চাইলে হ্যাঁ ভোট দিতে হবে।
ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে বেহাল অবস্থা, ভঙ্গুর রাস্তাঘাট, ড্রেন সংস্কার করবেন। মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসা নিশ্চিত করবেন। মাদক, সন্ত্রাস নির্মূল করবেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গতকাল সকালে জামায়াত আমিরের সঙ্গে তাঁর বসুন্ধরা আবাসিক এলাকার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। শফিকুর রহমান বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।
শুক্রবার ও শনিবার দুই দিনের সফরে কুমিল্লা যাচ্ছেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার পৃথক চারটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
ns coll

  • শেয়ার করুন