প্রকাশিত: মে ৩১, ২০২৬
বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি এবং পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইখলাস গাজী রামপাল বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার সেখানে এসে তাকে উদ্দেশ করে গালাগাল শুরু করেন।
এক পর্যায়ে তিনি ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, ঘুষি ও চড় মারেন। এতে ইখলাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে কী কারণে মাইঝে শিকদার ইখলাস গাজীর ওপর হামলা চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ns coll