প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬
ভারতে চলমান নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করায় টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি আরও জোরালো হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভাইরাস আতঙ্কে ইংল্যান্ড ক্রিকেট দল ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে।ইংল্যান্ডের আপত্তির খবরের পরপরই অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ভারতের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর থেকে ভারতে ছড়িয়ে পড়া এই নিপা ভাইরাসের গতিবিধি অস্ট্রেলীয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাটলার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন যে ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করলেও তারা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যাত্রীদের ওপর নতুন করে কোনো বিধিনিষেধ বা প্রোটোকল জারির পরিকল্পনা না থাকলেও বিমানবন্দরে নিবিড় নজরদারি বজায় রাখা হবে।
আইসিসির চ্যালেঞ্জ ও ভেন্যু পরিবর্তনের গুঞ্জন নিপা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এশিয়ার অনেক দেশ ইতোমধ্যে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু করেছে। এই অবস্থায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দলগুলো যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তবে আইসিসি বড় ধরনের সংকটে পড়বে। সম্প্রতি ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয় অজুহাতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল, যা তখন নাকচ করে দেওয়া হয়।ভবিষ্যৎ পরিকল্পনা ও শ্রীলঙ্কার সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন যে শেষ পর্যন্ত সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হবে কি না। আইসিসি আগে ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই বললেও বড় দলগুলোর অনীহা এবং ভাইরাসের ভয়াবহতা টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে। ভারতের কেরালাসহ বিভিন্ন এলাকায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না এলে টুর্নামেন্ট স্থগিত বা স্থানান্তরের বিষয়টি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।