‘বাংলাদেশকে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের সাথে খেলবে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • শেয়ার করুন

বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে তবেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ। তার মতে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে অবস্থান নিয়েছে, সেটি আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়। ভেন্যু পরিবর্তনের দাবি উঠলে সেই দাবির প্রতি সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আইসিসি বাংলাদেশের দাবি নাকচ করে দেয়, যার ফলে বিশ্বকাপের বাইরে ছিটকে পড়ে বাংলাদেশ।

এর প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই ম্যাচ না হলে আইসিসির পাশাপাশি ব্রডকাস্টারদেরও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, পাকিস্তান সরকার সরাসরি অবস্থান জানিয়ে দেওয়ায় বিষয়টি আইনি জটিলতার দিকে যাচ্ছে না। তার ভাষায়, সরকার জড়িত হয়ে পড়লে আইসিসির করার মতো খুব বেশি কিছু থাকে না।

পাকিস্তানের সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট মূলত বিলিয়ন ডলারের একটি বাজার। এই বাজার সংকুচিত হয়ে গেলে আইসিসির প্রায় ১০০ থেকে ১৫০টি সদস্য দেশের ফান্ডিংয়ে বড় ধরনের চাপ তৈরি হবে।

রশিদ লতিফের মতে, সমাধান একটাই। বাংলাদেশকে আবার বিশ্বকাপে ফিরিয়ে আনতে হবে এবং পাকিস্তানকে মর্যাদা দিতে হবে। তাহলেই পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হবে। তিনি আরও বলেন, না হলে এর প্রভাব সরাসরি আইসিসির ওপর পড়বে, যেখানে বর্তমানে সিদ্ধান্ত গ্রহণে বিসিসিআই-এর প্রভাব বেশি। এই পরিস্থিতিতে আইসিসি পরিচালনা নিয়ে জয় শাহ-র জন্যও এটি একটি বড় শিক্ষা হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডসহ অন্যান্য প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোকেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার মতে, আলোচনার টেবিলে বসে স্বীকার করতে হবে যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে।
ns coll

  • শেয়ার করুন